নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শনের নামে ছাত্রদল নেতার অনধিকার প্রবেশ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার বনপাড়া কলেজ পরীক্ষাকেন্দ্রে। এই কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে কক্ষে প্রবেশ করেন বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার।

দেশজুড়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ লোকজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অথচ সেই নিয়ম অমান্য করেই রাকিব সরদার সরাসরি কক্ষে প্রবেশ করেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি সকাল ৯টা ৪০ মিনিটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে কেউ কেন্দ্রের ভেতরে অননুমোদিতভাবে ছিলেন না। তবে পরে জানতে পারি, রাকিব সরদার নামের একজন যুবক পরীক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ইউএনও আরও জানান, “কেন্দ্র সচিব ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে থানাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

বড়াইগ্রাম থানার ওসি গোলাম পরোয়ার হোসেন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত রাকিব সরদার জানান, “ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে গিয়ে কক্ষের মধ্যে ঢুকেছিলাম। সঙ্গে সঙ্গেই বের হয়ে এসেছি। কেউ ইচ্ছাকৃতভাবে ছবি তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

রাকিব সরদার বনপাড়া পৌর এলাকার সরদারপাড়ার রফিকুল সরদারের ছেলে এবং স্থানীয় ছাত্রদলের সক্রিয় নেতা।

এ ঘটনা কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে এ ধরনের অনধিকার প্রবেশকে পরীক্ষার নিরাপত্তা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন অনেকেই।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।